অকার্যকর তিন এনবিএফআই’র শেয়ার শূন্যের পথে, দিশেহারা ক্ষুদ্র বিনিয়োগকারী

দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ভয়াবহ ঋণ কেলেঙ্কারিতে ডুবতে বসা ব্যাংকবহির্ভূত চারটি আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘অকার্যকর’ ঘোষণা করে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ‘ব্যাংক রেজল্যুশন আইন’ অনুযায়ী নেওয়া এই পদক্ষেপে প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের সুরক্ষার বিষয়টি আমলে নেওয়া হলেও, দুশ্চিন্তায় রয়েছেন পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা।এর কারণ হলো, আইনি প্রক্রিয়ায় এসব কোম্পানির নিট সম্পদ মূল্য ঋণাত্মক দেখিয়ে শেয়ারে সাধারণ বিনিয়োগকারীদের সমস্ত পাওনা বা বিনিয়োগ শূন্যে নামিয়ে আনার প্রস্তুতি চলছে।গত ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভার নির্দেশনার আলোকে রেজল্যুশনের আওতায় আনা এবং প্রশাসক নিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, এফএএস (ফাস) ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান।